[email protected] মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

হাম প্রতিরোধে বিশেষ উদ্যোগ: ৬ মাস বয়স থেকেই টিকা পাবে শিশুরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ৪:০২ পিএম

সংগৃহীত ছবি

দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি একটি বিশেষ ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার।

আগামী জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এক মাসব্যাপী এই কার্যক্রমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ জানান, এই বিশেষ উদ্যোগে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা টিকা পাবে, যা প্রচলিত রুটিন কর্মসূচির অতিরিক্ত হিসেবে পরিচালিত হবে।


বর্তমানে জাতীয় টিকাদান সূচি অনুযায়ী শিশুরা ৯ মাস বয়সে হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ পেয়ে থাকে। তবে সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে বিশেষ ক্যাম্পেইনের জন্য বয়সসীমা কমিয়ে আনা হয়েছে, যাতে ঝুঁকিপূর্ণ আরও বেশি শিশু সুরক্ষার আওতায় আসে।


তিনি আরও বলেন, কর্মসূচি শুরুর আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী অভিভাবকদের অবহিত করা হবে। আন্তর্জাতিক জোট Gavi এ কার্যক্রমে অর্থায়ন, টিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহায়তা করছে। ইতোমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য উপকরণও পৌঁছাবে।


ক্যাম্পেইন সফল করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রতিটি এলাকায় শিশুদের সংখ্যা অনুযায়ী আলাদা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর