সাধারণ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষের মুখে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ, ২০২৬)
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই যুগান্তকারী ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্ত্রী জানান, প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা ক্ষোভ বিরাজ করছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। গ্রাহকদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা এবং একটি জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই মিটার চার্জ পদ্ধতি স্থায়ীভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, বর্তমান নিয়মে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। অনেক গ্রাহক বছরের পর বছর এই চার্জ প্রদান করে আসছিলেন এবং মিটারের প্রকৃত দাম উঠে যাওয়ার পরেও কেন বাড়তি টাকা কাটা হচ্ছে, তা নিয়ে তীব্র আপত্তি তুলছিলেন।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, বিগত সময়ে মিটার কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের বোঝা সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে।
এসআর
মন্তব্য করুন: