দেশের পুলিশ সদস্যদের একটি বড় অংশ বর্তমান ইউনিফর্মে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এ অসন্তোষের বিষয়টি স্পষ্ট হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি-তে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, পুলিশ সদস্যদের পক্ষ থেকে ঐতিহ্যসম্মত ও গ্রহণযোগ্য একটি নতুন পোশাক প্রবর্তনের বিষয়ে প্রস্তাব এসেছে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনায় রয়েছে এবং এ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হতে পারে।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে জনবল বৃদ্ধি, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা এবং কাঠামোগত সংস্কার। পাশাপাশি একটি স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়েও কাজ এগোচ্ছে।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু, আলী হোসেন ফকির, জিএম আজিজুল রহমান এবং বসু দেব বণিক।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ এএসপি আহমেদ সাদমান সাকিব।
দীর্ঘ প্রশিক্ষণে সাফল্যের স্বীকৃতি হিসেবে বেস্ট প্রবেশনার ও বেস্ট একাডেমিক বিভাগে পুরস্কার পান মো. ফাহিম ফয়সাল। এছাড়া বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ পুরস্কার অর্জন করেন মো. আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ পান শাওন রেজা এবং বেস্ট শ্যুটার হন বাপী কুমার দাশ।
এসআর
মন্তব্য করুন: