দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং মজুত ও অনিয়ম রোধে বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের প্রভাব পড়েছে। এর সুযোগে কিছু অসাধু চক্র অবৈধভাবে তেল মজুতের চেষ্টা করছে।
এসব কার্যক্রম ঠেকাতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজিবি মাঠে কাজ শুরু করেছে।
গত ২৫ মার্চ থেকে দেশের ৯টি জেলার মোট ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর মধ্যে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুর ও রাজশাহীতে ৩টি করে, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপো অন্তর্ভুক্ত রয়েছে।
বিজিবি জানায়, প্রতিটি স্থানে একজন কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা দায়িত্ব পালন করছেন। ইউনিট সদর থেকে দূরবর্তী এলাকায় কার্যক্রম পরিচালনার সুবিধার্থে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে নিয়মিত তদারকি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়া যেকোনো ধরনের নাশকতা বা অনিয়ম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ মজুত ও বিক্রি ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।
সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় বিজিবি। জ্বালানি পাচার রোধে বাড়ানো হয়েছে স্থল ও নৌ টহল, স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট।
পাশাপাশি সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বাড়িয়ে আমদানি-রফতানিতে ব্যবহৃত যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
বিজিবির এই উদ্যোগ জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করছেন।
এসআর
মন্তব্য করুন: