দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পাশাপাশি, অবৈধ মজুদ বা কারসাজির তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, জ্বালানি খাতে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এসব টিম কাজ করবে।
বিজ্ঞপ্তিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, কেউ যদি নির্দিষ্ট তথ্য বা অভিযোগ জানাতে পারেন, তবে তা কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি কেনা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
এদিকে, চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৬ টন ডিজেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা জ্বালানি ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। জব্দকৃত তেল বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি অসাধু চক্র জাহাজ ও ডিপো থেকে তেল পরিবহনের সময় অবৈধভাবে জ্বালানি সরিয়ে স্থানীয় বাজারে সরবরাহ করছিল।
সরকার জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং তেল ডিপো, পাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিয়মিত তদারকির আওতায় থাকবেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযানে জোর দেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: