অন্তর্বর্তীকালীন সময়ে জারি হওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে কাজ শুরু করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি।
প্রথম বৈঠকেই ৪০টি অধ্যাদেশ পর্যালোচনা করে বিস্তারিত আলোচনা করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট ও প্রশাসনিক অধ্যাদেশ নিয়ে গভীর বিশ্লেষণ করা হয়।
বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থান ঘিরে সুরক্ষা ও দায় নির্ধারণসংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায় আলোচনায়।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভার শুরুতে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করা হয়।
বৈঠকে যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে রয়েছে— গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন গঠনসংক্রান্ত অধ্যাদেশ এবং দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ।
এছাড়াও সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের বয়সসীমা নির্ধারণ, জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী নিয়েও মতবিনিময় করা হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আলোচিত অধ্যাদেশগুলোর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা যাচাই-বাছাই করে শিগগিরই একটি প্রতিবেদন তৈরি করা হবে, যা সংসদের অধিবেশনে উপস্থাপন করা হবে। বাকি অধ্যাদেশগুলো পরবর্তী বৈঠকে পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও চিফ হুইপসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: