বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি দেখানোর শর্ত অনেক শিক্ষার্থীর জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।
এই সমস্যা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের সহায়তায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সহায়তা দিতে এই ঋণ দেওয়া হবে।
এ জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রবাসী কল্যাণ ব্যাংককে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তার মতে, যুদ্ধের কারণে অবকাঠামো পুনর্গঠনের প্রয়োজন হলে সেখানে বাংলাদেশের শ্রমবাজারের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকলেও চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষা দক্ষতার গুরুত্বের কথাও তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী বলেন, ভাষাজ্ঞানের অভাবে অনেক কর্মী কম বেতনে কাজ করতে বাধ্য হন। তাই বিদেশে ভালো সুযোগ পেতে তৃতীয় ভাষা শেখার ওপর জোর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জাপানে এক লাখ কর্মী পাঠানোর জন্য হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন দ্রুত করার বিষয়েও আলোচনা হয়েছে।
পাশাপাশি ইউরোপসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর নতুন সুযোগ তৈরির বিষয় নিয়েও কথা হয়েছে।
এ ছাড়া ইউরোপের কয়েকটি দেশের ভিসা প্রক্রিয়ার জন্য ভারত যেতে হয়—এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোকে বাংলাদেশে কনস্যুলার সেবা চালুর জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ইতোমধ্যে কিছু দেশ সেবা চালু করলেও বাকি দেশগুলোতেও তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: