কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নূরু আর নেই।
দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভোগার পর রোববার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী আবেদা জাহান।
আব্দুল হক নূরু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছোট ভাই ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
পাশাপাশি তিনি মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ বর্তমানে ঢাকায় রাখা হবে। সোমবার বাদ জোহর মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে জানাজা শেষে কামালপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরদেহ হেলিকপ্টারযোগে মিঠামইনে নেওয়ার প্রস্তুতি রয়েছে।
জানা যায়, ১৯৫৭ সালের ৫ নভেম্বর মিঠামইনের কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হক নূরু। তিনি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন।
শিক্ষা ও সংস্কৃতিমনা এই মুক্তিযোদ্ধা তার মায়ের নামে তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ মিঠামইন কলেজ প্রতিষ্ঠা করেন।
পরবর্তীতে কলেজটির নামকরণ করা হয় মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক একটি মামলায় তার নাম আসামি হিসেবে উল্লেখ ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: