[email protected] রবিবার, ২২ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২

যমুনায় জনস্রোত, প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ ১২:২৯ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল ব্যাপক জনসমাগম। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ঈদ উদযাপন। সকাল থেকেই যমুনা প্রাঙ্গণে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

সকাল সাড়ে ৮টা থেকে জনসাধারণের জন্য প্রবেশ উন্মুক্ত করা হলে ধীরে ধীরে জনস্রোত আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে সরাসরি যমুনায় এসে প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

পরে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।


অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি তার বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়া-এর কবর জিয়ারত করবেন।

এরপর গুলশানের বাসভবনে ব্যক্তিগত সময় কাটানোর পরিকল্পনা রয়েছে।


উল্লেখ্য, প্রায় দেড় যুগ বিদেশে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘদিন পর নেতাকে কাছে পেয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর