রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময়ের মধ্যে প্রথম কয়েক দিন শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে।
পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এসব কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিচ্ছিন্ন স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা মোটামুটি স্থির থাকতে পারে, তবে রাতে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২০ মার্চ) একই সময়সীমার পূর্বাভাস অনুযায়ী, দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দমকা হাওয়া এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ দিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
ঈদের দিনসহ পরবর্তী কয়েক দিনেও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসআর
মন্তব্য করুন: