রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’তে আপাতত বসবাস শুরু করছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বর্তমানে গুলশানের নিজ বাসভবনেই থাকছেন এবং সেখানেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, আপাতত ‘যমুনা’তে ওঠার কোনো পরিকল্পনা নেই প্রধানমন্ত্রীর।
দীর্ঘ প্রায় ১৭ বছর বিদেশে থাকার পর গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে বসবাস শুরু করেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
এই বাসভবনের পাশের ‘ফিরোজা’ বাড়িতে আগে থাকতেন তার মা ও খালেদা জিয়া। ঐতিহাসিকভাবে ১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার পরিবারকে বরাদ্দ দেওয়া হয়। সে সময়ের রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের সরকার এ সিদ্ধান্ত নিয়েছিল।
এদিকে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, সংস্কার কাজ শেষ হলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে।
সেই অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। তবে আপাতত সেখানে উঠছেন না প্রধানমন্ত্রী।
এসআর
মন্তব্য করুন: