চলতি বছরের মধ্যেই দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সঙ্গে এ বছরেই বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশান-এ বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং।
মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি চলছে এবং যত দ্রুত সম্ভব এ নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে। তার ভাষায়, এ বছরেই নির্বাচন সম্পন্ন করতে সরকার কাজ এগিয়ে নিচ্ছে।
দলীয় সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির কাউন্সিল এ বছরের মধ্যেই অনুষ্ঠিত হবে, যদিও নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, দলটির সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে।
সরকার ও দলীয় কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পর অনেক নেতা প্রশাসনিক দায়িত্বে যুক্ত হওয়ায় দলীয় কার্যক্রম কিছুটা ধীরগতির মনে হতে পারে। তবে দল তার নিজস্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সময়ের সঙ্গে তা আরও গতি পাবে।
আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রসঙ্গ তোলেন। তার মতে, বৈশ্বিক অস্থিরতার প্রভাব হিসেবে জ্বালানি বাজারে চাপ তৈরি হলেও সরকার তা মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে। এ কারণে দেশে এখনো জ্বালানি তেলের দাম বাড়াতে হয়নি বলেও দাবি করেন তিনি।
এছাড়া তৈরি পোশাক খাতে শ্রমিকদের বেতন সংক্রান্ত পূর্বের সমস্যাগুলো এবার তুলনামূলকভাবে কম হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সরকারের আগাম প্রস্তুতির ফলেই এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন।
সংবিধান সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো প্রস্তাব সবসময় গ্রহণযোগ্য নাও হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
এসআর
মন্তব্য করুন: