[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১০:২০ পিএম

কলকাতায় আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ও তাদের সহযোগীকে দেশে ফিরিয়ে

 আনতে কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, গ্রেফতারকৃতদের সঙ্গে সাক্ষাতের জন্য ভারতের কাছে 'কনস্যুলার অ্যাক্সেস' চাওয়া হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, ভারত সরকার এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবে এবং তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

​একই সময়ে র‍্যাব বিলুপ্তির বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর চিঠির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী জানান, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার এই বাহিনীকে জনস্বার্থের বদলে মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার করেছে। বর্তমান সরকার বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ এবং রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে জ্বালানি ইস্যুসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তায় বিশেষ ফ্লাইটসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর