রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন যে গত সাত দিনে সরকার
নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির পাওয়া যায়নি। মন্ত্রী দাবি করেন পরিবহন মালিকরা তাদের খুশিতেই নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছেন এবং যাত্রী আকৃষ্ট করতে ৭০০ টাকার ভাড়া ৬০০ বা ৬৮০ টাকা রাখছেন।
তিনি নিশ্চিত করেন যে ভাড়া কোনোভাবেই নির্ধারিত সীমা অতিক্রম করেনি। টার্মিনালের বাইরে বাস পার্কিং নিয়ে কিছুটা বিড়ম্বনা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলে মিলে তা দুই-তিন দিনের মধ্যে সমাধানের চেষ্টা করছেন। তিনি স্পষ্ট করে বলেন যে নির্ধারিত টাকার চেয়ে এক টাকাও বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই এবং অভিযোগ পেলেই মোবাইল কোর্ট ও ভিজিলেন্স টিমের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি তেলের বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করেন যে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু সমস্যা থাকলেও গণপরিবহনের জন্য পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং তেলের দাম বাড়ছে না। উপস্থিত জনতা তেল না পাওয়ার অভিযোগ তুললে তিনি তা নাকচ করে দিয়ে বলেন পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে এবং ফিটনেসবিহীন গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আজ বিকেলে যাত্রীদের চাপ বাড়তে পারে বিধায় পর্যাপ্ত বাসের প্রস্তুতি রাখা হয়েছে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন যে এবার জনগণ একটি স্বস্তির ও নিরাপদ ঈদযাত্রা উপভোগ করতে পারবে। পরিদর্শনকালে তাঁর সঙ্গে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: