দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৪ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর অধীন স্থানীয় সরকার বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশন-এ প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন।
রাজশাহী সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজুর রহমান।
ময়মনসিংহ সিটি করপোরেশন-এ দায়িত্ব দেওয়া হয়েছে মো. রুকুনোজ্জামান রোকন-কে।
রংপুর সিটি করপোরেশন-এর প্রশাসক হয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী।
এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন-এ প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইউসুফ মোল্লা।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পালনকালে তারা মেয়রের ক্ষমতা প্রয়োগসহ নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং বিধি অনুযায়ী সম্মানী ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-সহ আরও কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার বাকি পাঁচ সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, জনস্বার্থ বিবেচনায় জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসআর
মন্তব্য করুন: