সাংবাদিক আনিস আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন।
শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনিস আলমগীরের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। সেগুলো যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন। এর মাধ্যমে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই তিনি জামিন পান। ফলে কারামুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী তাসলিমা জাহান।
প্রসঙ্গত, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে নেওয়া হয়।
পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের আদেশে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ উচ্চ আদালত তাকে জামিন প্রদান করেন।
এসআর
মন্তব্য করুন: