[email protected] শনিবার, ১৪ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী কর্মসূচি চালু করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ১১:৫২ এএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী দেওয়ার একটি নতুন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।


সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও সম্মানী পাবেন।

একই কর্মসূচির আওতায় মন্দিরের পুরোহিত ও সেবায়েত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং গির্জার যাজক ও সহকারী যাজকদের জন্যও ভাতা চালু করা হয়েছে।


সরকারি তথ্য অনুযায়ী, প্রথম ধাপে পাইলট প্রকল্প হিসেবে দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের এই সম্মানী দেওয়া হবে।

পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এই কর্মসূচির আওতায় থাকবেন।


এই প্রকল্পে প্রতিটি মসজিদের জন্য মাসে ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে।


অন্যদিকে প্রতিটি মন্দিরের জন্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা, যেখানে পুরোহিতের জন্য ৫ হাজার এবং সেবায়েতের জন্য ৩ হাজার টাকা বরাদ্দ থাকবে।

একইভাবে প্রতিটি বৌদ্ধবিহার ও গির্জার ক্ষেত্রেও ৮ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি চালু করা হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে এর পরিধি আরও বাড়ানো হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর