শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রী বা অতিথিদের আগমনে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ
নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর নির্দেশনা দেন। অনুষ্ঠানে যাওয়ার পথে শিক্ষার্থীদের রোদে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তাৎক্ষণিক অসন্তোষ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানান, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের এভাবে সংবর্ধনা দেওয়ার জন্য ব্যবহার করতে পারবে না। তিনি বলেন, "একজন সাধারণ মানুষের মতো আমাকে চলাফেরা করতে দিন। আমার জন্য কোনো শিক্ষার্থীকে রাস্তায় দাঁড় করাবেন না। ফুলের তোড়া বা মালা দেওয়া শতভাগ নিষিদ্ধ।" তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের রাস্তায় আসার প্রয়োজন নেই, তিনি নিজেই স্কুলে গিয়ে তাদের সাথে দেখা করবেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বিষয়ে ধাপে ধাপে নতুন চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের সাথে কথা বলেন।
একই দিনে শিক্ষামন্ত্রী কচুয়ায় অসহায়দের মাঝে হুইল চেয়ার ও চেক বিতরণ করেন এবং স্থানীয় ব্যবসায়ী ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের সাথে ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: