[email protected] শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

ঈদ সামনে রেখে বাড়ছে প্রবাসী আয়, মার্চের ১১ দিনে এলো প্রায় ১.৯২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ৯:৫৯ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়তে শুরু করেছে।

চলতি মার্চ মাসের প্রথম ১১ দিনে বাংলাদেশে প্রায় ১৯২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।


বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান। তার দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১৭ কোটি ৪৫ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে।


কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, গত বছরের একই সময়ে দেশে এসেছিল প্রায় ১৩৩ কোটি ডলার রেমিট্যান্স। সে তুলনায় চলতি বছরে উল্লেখযোগ্য হারে প্রবাসী আয় বেড়েছে।


চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে প্রায় ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ২৩ দশমিক ২০ শতাংশ বেশি।


ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদ উপলক্ষে বিদেশে কর্মরত বাংলাদেশিরা দেশে থাকা পরিবার-স্বজনদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে এই সময়টিতে রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিকভাবেই বাড়ে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে প্রবাসী আয়ের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে বলেও তারা ধারণা করছেন।


এর আগে ফেব্রুয়ারি মাসে দেশে প্রায় ৩০২ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স আসে। জানুয়ারি মাসে আসে প্রায় ৩১৭ কোটি ৯ লাখ ডলার, যা কোনো এক মাসে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।


গত ডিসেম্বরে দেশে আসে প্রায় ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরে কোনো এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়। এছাড়া নভেম্বর মাসে আসে প্রায় ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।


এর আগে অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে প্রায় ২৫৬ কোটি ৩৪ লাখ এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে। আর আগস্ট ও জুলাই মাসে প্রবাসীরা পাঠান প্রায় ২৪২ কোটি ১৮ লাখ এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরজুড়ে বাংলাদেশে মোট প্রায় ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো একটি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর