ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টা ২ মিনিটে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।
এর আগে একই দিন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে স্পিকার হিসেবে নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
এ পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একই অধিবেশনে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল।
স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম। প্রস্তাবটির সমর্থন দেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে অধিবেশনে সভাপতিত্বকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
সংসদের প্রথম অধিবেশন শুরু হয় স্পিকারবিহীন অবস্থায়। পূর্ববর্তী স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংসদ নেতার প্রস্তাবে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হয়। এরপর নতুন স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
অধিবেশন শুরুর আগে স্পিকার পদে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে দলের ভেতরে ড. মঈন খান, হাফিজ উদ্দিন আহমেদ এবং আলতাফ হোসেন চৌধুরীর নাম আলোচনায় ছিল।
এসআর
মন্তব্য করুন: