[email protected] শনিবার, ১৪ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে পৌঁছালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ১১:০৭ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন।


আজ থেকেই নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন শুরুর পর বেলা ১১টার দিকে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদনের পর সংসদ সদস্যদের আলোচনার জন্য উপস্থাপন করা হবে।


অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সকাল থেকেই সংসদ ভবনে আসতে শুরু করেন। দিনটির অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের পাশাপাশি বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকার কথা রয়েছে।


ছাত্র-জনতার আন্দোলনের পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে ‘জুলাই জাতীয় সনদ’-সংক্রান্ত সংবিধান সংশোধনের কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে শুরুতেই আলোচনা ও বিতর্কের সম্ভাবনা রয়েছে।


এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতি অনুযায়ী প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়ে থাকেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।


অধিবেশন শুরুর আগে সংসদের কার্যসূচি নির্ধারণের জন্য সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক হতে পারে। সেখানে অধিবেশনের সময়কাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।


প্রথম অধিবেশনে সরকারের পক্ষ থেকে যেসব অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে, সেগুলো সংসদে উপস্থাপন করা হবে। জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রায় ১৮ মাসের সময়ে মোট ১৩০টি অধ্যাদেশ জারি বা সংশোধন করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর