ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী নির্ধারণ করতে বৈঠকে বসেছে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় দল।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় দলের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
তিনি জানান, আগামীকাল সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশনে ভাষণ দেবেন।
সরকারি দলের সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ এই অধিবেশনে সংসদে উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই দিন বিকেলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
৩০০ আসনের জাতীয় সংসদের মধ্যে দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি ২০৯টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয় পেয়েছে।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।
সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। অধিবেশন কক্ষের পাশাপাশি স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষও প্রস্তুত করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় জাতীয় সংসদ ভবনে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করে পুনরায় প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: