দেশে জ্বালানি তেল বিপণনে বিদ্যমান সমস্যার দ্রুত সমাধানে পেট্রোল ও অকটেনের সরবরাহ ডিপো পর্যায়ে উন্মুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ দাবি জানান।
চিঠিতে বলা হয়, পেট্রোল ও অকটেনের বেশিরভাগই দেশে উৎপাদিত হয়। তাই ডিপো পর্যায়ে এসব জ্বালানির সরবরাহ উন্মুক্ত করা হলে পেট্রোল পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেটকারের চাপ অনেকটাই কমবে।
এতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরবে এবং বর্তমান জ্বালানি বিপণন ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ সমস্যার সমাধান সম্ভব হবে।
সংগঠনটির মতে, পেট্রোল ও অকটেন সরবরাহে রেশনিং পদ্ধতি চালু থাকলে পরিস্থিতির উন্নতি হবে না। তাই দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: