আসন্ন ঈদুল ফিতরের ছুটির সময়েও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন সীমিত পরিসরে খোলা থাকবে। তবে ঈদের দিন সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এনবিআরের কাস্টম নীতি বিভাগের দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মার্চের শুরুতে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশন ও সংশ্লিষ্ট ব্যাংক শাখা ছুটির দিনগুলোতে খোলা রাখার অনুরোধ জানায়।
সংগঠনটির মতে, রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে এ ব্যবস্থা জরুরি।
উল্লেখ্য, সম্প্রতি সরকার ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে মোট সাত দিন নির্ধারণ করে পরিপত্র জারি করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
এসআর
মন্তব্য করুন: