দেশে জ্বালানি তেল সরবরাহ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে কিছু ডিপো থেকে ডিলারদের হঠাৎ বাড়তি চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এতে কয়েকটি স্থানে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো।
বিশেষ করে পতেঙ্গা এলাকায় অবস্থিত প্রধান স্থাপনাসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে নিরাপত্তা জোরদারের প্রয়োজন দেখা দিয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে দৌলতপুর (খুলনা), বাঘাবাড়ি (সিরাজগঞ্জ), গোদনাইল ও ফতুল্লা (নারায়ণগঞ্জ), পার্বতীপুর (দিনাজপুর) এবং বরিশাল ডিপো।
সরকারি তথ্যে বলা হয়েছে, দেশের তেল ডিপোগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (Key Point Installation) হিসেবে বিবেচিত হওয়ায় এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব স্থাপনায় জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: