[email protected] মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

পাইলট প্রকল্পে ৩৭ হাজারের বেশি নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ৬:৫৯ পিএম

সংগৃহীত ছবি

নারীপ্রধান পরিবারকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ নামে নতুন একটি উদ্যোগ চালু করতে যাচ্ছে।

পাইলট প্রকল্পের প্রথম ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৭ হাজার ৫৬৪টি নারীপ্রধান পরিবারকে এই কার্ড দেওয়া হবে।


সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।


মন্ত্রী জানান, দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করা হচ্ছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


সমাজকল্যাণমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের প্রধান হিসেবে নারীর নামে কার্ড প্রদান করা হলে সামাজিক সুরক্ষার বিভিন্ন সুবিধা তাদের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও জানান, প্রতিটি ফ্যামিলি কার্ডের আওতায় একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্য সুবিধা পাবেন। তবে কোনো পরিবারে সদস্য সংখ্যা পাঁচের বেশি হলে পরিস্থিতি বিবেচনায় একাধিক কার্ড দেওয়ার বিষয়টি দেখা হবে।


পাইলট প্রকল্পে নির্বাচিত পরিবারগুলোকে প্রতি মাসে আড়াই হাজার টাকা ভাতা দেওয়া হবে বলে জানান মন্ত্রী। ভবিষ্যতে একই মূল্যের খাদ্য সহায়তাও দেওয়ার পরিকল্পনা রয়েছে।


মন্ত্রী আরও বলেন, যেসব নারী গৃহপ্রধান এই কার্ড পাবেন তারা যদি অন্য কোনো সরকারি ভাতা বা সহায়তা পান, তাহলে সেই সুবিধা বন্ধ হয়ে যাবে। তবে পরিবারের অন্য সদস্যরা তাদের প্রাপ্য সরকারি সহায়তা পেতে থাকবেন।


তিনি জানান, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। এ সময় পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান, গৃহস্থালি সম্পদ এবং রেমিট্যান্সসহ নানা তথ্য সংগ্রহ ও যাচাই করা হয়। পরে সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্ট পদ্ধতিতে পরিবারগুলোকে মূল্যায়ন করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।
প্রাথমিকভাবে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হলেও যাচাই শেষে ৩৭ হাজার ৫৬৪টি পরিবারকে ভাতা পাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি নারীপ্রধান পরিবারকে একটি করে স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর