[email protected] সোমবার, ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ১২:৫৩ পিএম

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার গ্রেফতার আসামিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া চালানো হচ্ছে।

সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


আইজিপি জানান, হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অল্প সময়ের মধ্যেই তাদের দেশে আনার চেষ্টা চলছে।


তিনি আরও বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পাশাপাশি উগ্রপন্থি তৎপরতা ঠেকাতেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক নজর রাখছে।


আসন্ন ঈদযাত্রা ঘিরে মহাসড়কে ছিনতাই, ডাকাতি বা চাঁদাবাজি যেন না ঘটে, সে জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানান আইজিপি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।


শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে সম্ভাব্য অসন্তোষের প্রসঙ্গে আইজিপি বলেন, এ বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে আলোচনা হয়েছে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়।


পুলিশ বাহিনীর ভাবমূর্তি প্রসঙ্গে তিনি বলেন, কিছু সদস্যের অনিয়মের কারণে পুরো বাহিনীর সুনাম ক্ষুণ্ন হয়। পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। সৎ ও যোগ্য সদস্যদেরই অগ্রাধিকার দেওয়া হবে।


এ সময় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আধুনিকায়নের পরিকল্পনার কথাও জানান আইজিপি। তিনি বলেন, থানাগুলোকে ‘জিরো কমপ্লেইন’ ব্যবস্থায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দ্রুত বিচারিক সহায়তার জন্য থানায় ম্যাজিস্ট্রেসি ব্যবস্থা চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

একই সঙ্গে পুলিশ সদস্যদের অতি উৎসাহী না হওয়ার পরামর্শ দেন তিনি।


গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় জুমার নামাজ শেষে প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।

পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ঘটনার পর মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে শনিবার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বর্তমানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর