[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় সেবাদাতাদের জন্য সম্মানী চালু করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ৫:২৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবাদাতাদের জন্য সম্মানী চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ জানিয়েছেন, আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।


রোববার (৮ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের জন্য প্রশিক্ষণ ও সম্মানীভিত্তিক একটি কল্যাণ ব্যবস্থা চালু করা হচ্ছে।


উপদেষ্টা জানান, প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে।


এছাড়া প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে। এই অর্থের মধ্যে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা। একইভাবে প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে বিহার অধ্যক্ষ ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা করে পাবেন।


খ্রিস্টান চার্চের ক্ষেত্রেও একই পরিমাণ বরাদ্দ থাকবে। সেখানে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা।


ইসমাইল জাবিউল্লাহ আরও জানান, ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ বোনাসের ব্যবস্থাও রাখা হয়েছে। মসজিদের কর্মরতদের ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এক হাজার টাকা করে বছরে দুইবার দেওয়া হবে। অন্যদিকে দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা ও বড়দিন উপলক্ষে সংশ্লিষ্টদের জন্য দুই হাজার টাকা করে উৎসব বোনাস দেওয়া হবে।


তবে যেসব মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান আগে থেকেই সরকারি বা দেশি-বিদেশি সংস্থার অনুদান পেয়ে থাকে, তারা এই সুবিধার আওতায় আসবে না বলে জানানো হয়েছে।


তিনি বলেন, চলতি অর্থবছরের মার্চ থেকে জুন পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৭ কোটি ৫৭ লাখ টাকার প্রয়োজন হবে। সম্মানীর অর্থ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে প্রদান করা হবে এবং ধীরে ধীরে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর