রমজানের শুরুতে সবজির উচ্চমূল্যে ভোগান্তিতে পড়েছিলেন ক্রেতারা।
তবে কয়েকদিনের ব্যবধানে বাজারে সবজির দাম কিছুটা কমে আসায় স্বস্তি ফিরেছে। অন্যদিকে একই সময়ে রাজধানীর বাজারগুলোতে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর খিলক্ষেত, নিউমার্কেটসহ আশপাশের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা জানান, গত সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে প্রায় ২৩০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে প্রায় ৫০ থেকে ৬০ টাকা।
অন্যদিকে বাজারে সবজির দাম তুলনামূলক কমেছে। রমজানের শুরুতে যেসব সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল, এখন সেগুলোর বেশিরভাগই কম দামে পাওয়া যাচ্ছে। সরবরাহ বাড়ায় অনেক সবজি এখন ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে।
বর্তমানে বেগুন প্রতি কেজি ৫০–৬০ টাকা, করলা ৬০–৭০ টাকা, ঢেঁড়স ৫০–৬০ টাকা, পটল ও চিচিঙ্গা ৫০–৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শসা ৬০–৭০ টাকা, ক্ষিরা ৪০–৬০ টাকা, কাঁচা পেঁপে ৩০–৪০ টাকা এবং কাঁকরোল ৬০–৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
লেবুর দামেও বড় পরিবর্তন এসেছে। রোজার আগে যেখানে এক হালি লেবু ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, এখন তা কমে ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। বড় আকারের লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, যা আগে ১৫০ টাকা পর্যন্ত উঠেছিল।
এছাড়া শসা ও বেগুনের দামও আগের তুলনায় কমেছে। বর্তমানে শসা কেজি ৪০–৫০ টাকা এবং বেগুন ৬০–৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ক্রেতা তুলনামূলক কম থাকায় ব্যবসায়ীরা মনে করছেন আপাতত বাজার স্থিতিশীল থাকতে পারে।
বাজারে লাউ প্রতিটি ৪০–৭০ টাকা, চালকুমড়া ৬০–৯০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০–৫০ টাকা এবং কচু ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো কেজি ৫০–৬০ টাকা এবং আলু প্রায় ২০ টাকায় পাওয়া যাচ্ছে।
মুরগির বাজারে ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের দামও বেশি। কক মুরগি কেজি প্রায় ৩৫০ টাকা, লেয়ার মুরগি ৩৬০ টাকা এবং দেশি মুরগি প্রায় ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।
হঠাৎ মুরগির দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রেতা। খিলক্ষেত বাজারে মুরগি কিনতে আসা এক ক্রেতা বলেন, কয়েকদিনের মধ্যেই দাম এতটা বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে।
এদিকে মাছের বাজারেও দামের পার্থক্য দেখা গেছে।
চাষের পাঙাশ মাছ কেজি ১৮০–২২০ টাকা, তেলাপিয়া ২০০–২২০ টাকা এবং রুই মাছ ৩৫০–৪৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বড় আকারের নদীর মাছের দাম আরও বেশি। বিভিন্ন প্রজাতির ছোট মাছের দাম কেজিপ্রতি প্রায় ৪০০ থেকে ১২০০ টাকার মধ্যে উঠানামা করছে।
এসআর
মন্তব্য করুন: