পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগে নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত একটি দিন যোগ হওয়ায় এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের জানান, আগামী ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
এর ফলে এবার ঈদের ছুটি শুরু হবে ১৭ মার্চ থেকে এবং শেষ হবে ২৩ মার্চে। অর্থাৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন।
আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ, পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ধরা হয়েছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ঈদের আগে ছুটি কার্যত চার দিনে দাঁড়িয়েছে। এছাড়া ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে আগেই ছুটি ছিল।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: