আগামী মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশের আকাশে একটি মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে, যার সময় চাঁদ রক্তাভ বা লালচে রঙ ধারণ করবে। এই ঘটনা ব্লাড মুন বা রক্তাভ চাঁদ নামে পরিচিত। ২০২৬ সালে এটি একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গ্রহণের প্রক্রিয়া শুরু হবে দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে, যখন চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করবে। পূর্ণগ্রাস শুরু হবে বিকাল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণ হবে বিকাল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। ফলে সরাসরি সূর্যের আলো চাঁদে পৌঁছতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে কিছু আলো প্রতিসারিত হয়ে চাঁদের অন্ধকার পৃষ্ঠে পড়ে, যা চাঁদকে লালচে বা তামাটে রঙের দেখায়। নাসার মতে, এটি সূর্যোদয় বা সূর্যাস্তের আকাশের লালাভ রঙের কারণের মতোই।
কোথায় দেখা যাবে?
কেন্দ্রীয় গতিপথের দেশগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ, কিমম্যান রিফ জাতীয় অভয়ারণ্য, হুল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইন সাগরে মাইক্রোনেশিয়ার কোসরাই ও লুগাও অঙ্গরাজ্য।
বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে গ্রহণের সময়:
ঢাকা: সন্ধ্যা ৬টা ০১ মিনিট ১২ সেকেন্ড
চট্টগ্রাম: বিকাল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড
সিলেট: বিকাল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড
রাজশাহী: সন্ধ্যা ৬টা ০৭ মিনিট ৩৬ সেকেন্ড
খুলনা: সন্ধ্যা ৬টা ০৫ মিনিট ১২ সেকেন্ড
বরিশাল: সন্ধ্যা ৬টা ০১ মিনিট ৫৪ সেকেন্ড
ময়মনসিংহ: সন্ধ্যা ৬টা ০০ মিনিট ২৪ সেকেন্ড
রংপুর: সন্ধ্যা ৬টা ০৪ মিনিট ৩৬ সেকেন্ড
রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমনের মাধ্যমে গ্রহণ সম্পূর্ণ শেষ হবে।
এসআর
মন্তব্য করুন: