মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে চরম যুদ্ধ উত্তেজনা ও আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায়
বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব রুটে বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক রুটের যাত্রী আটকা পড়েছেন।
আটকা পড়া যাত্রীদের মধ্যে বড় একটি অংশ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী শ্রমিক এবং ইউরোপ-আমেরিকার কানেক্টিং ফ্লাইটের যাত্রী। পরিস্থিতি মোকাবিলায় শনিবার রাত সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোনে মন্ত্রীর সাথে কথা বলেন এবং আটকা পড়া যাত্রীদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সিভিল এভিয়েশন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে যাত্রীদের সহায়তা করছে।
আবাসন: সিভিল এভিয়েশন ৮০০ জন এবং মন্ত্রণালয় আরও ৫০ জনের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে।
বিশেষ সহায়তা: সিলেট থেকে আসা ওমানগামী ৫৩ জন যাত্রীকে হোটেলে রাখা হয়েছে এবং তাদের সেহরির ব্যবস্থা করা হয়েছে। আজ রোববার তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছানোর জন্য এসি বাসের ব্যবস্থা করা হয়েছে।
ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা বর্তমানে সামরিক কারণে বন্ধ থাকায় ঢাকা থেকে কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল শুরু করা সম্ভব নয়। যাত্রীদের ধৈর্য ধরার এবং নিয়মিত এয়ারলাইন্সগুলোর সাথে যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: