[email protected] রবিবার, ১ মার্চ ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

পদ্মা ও মেঘনা নদী এলাকায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯ এএম

সংগৃহীত ছবি

ইলিশের উৎপাদন টেকসই রাখা ও জাটকা সংরক্ষণের উদ্দেশ্যে চাঁদপুর অংশের পদ্মা-মেঘনা নদীতে দুই মাসের জন্য সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত বলবৎ হবে।

নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।


জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে প্রায় ৪৭ হাজার নিবন্ধিত জেলে মাছ ধরা থেকে বিরত থাকবেন।


সরকারি সহায়তার অংশ হিসেবে ৩৯ হাজার ৪০০ জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারি থেকে মে—এই চার মাসে প্রত্যেকে মোট ১২০ কেজি চাল পাবেন।


সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া জেলে পল্লীতে কথা হয় কয়েকজন জেলের সঙ্গে। তারা জানান, নিষেধাজ্ঞা এলেই জাল-নৌকা তুলে রাখতে হয়। তবে শুধু খাদ্য সহায়তা দিয়ে সংসারের সব ব্যয় মেটানো কঠিন।


এক জেলে বলেন, পরিবারের দৈনন্দিন খরচ, সন্তানের পড়াশোনা ও ঋণের কিস্তি চালাতে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রয়োজন।


চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগের এক কর্মকর্তা জানান, জাটকা রক্ষায় জেলা ও উপজেলা পর্যায়ে টাস্কফোর্স মাঠে থাকবে। নৌ পুলিশও অভিযান পরিচালনা করবে।

আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন বলছে, ইলিশের স্থায়ী উৎপাদন নিশ্চিত করতে প্রতিবছর এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর