ফ্যামিলি কার্ড বিতরণে স্বজনপ্রীতি এড়িয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছাতে হলে বাছাই প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।
শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজ–এর সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নে সুবিধাভোগী নির্ধারণে চেয়ারম্যান ও দুইজন সমাজসেবীকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম গঠন করা হবে। এই কমিটি যাচাই-বাছাই করে দলীয় প্রভাবমুক্তভাবে প্রকৃত দরিদ্রদের তালিকা প্রস্তুত করবে।
পরিসংখ্যানের নির্ভুলতা নিয়েও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, একটি রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতা অনেকাংশে নির্ভর করে সঠিক তথ্যভিত্তিক ব্যবস্থাপনার ওপর। যথাযথ তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও দ্রুত সরবরাহ নিশ্চিত করা গেলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর হবে।
আধুনিক প্রশাসনে শক্তিশালী ডাটাবেজ ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়া সত্ত্বেও বরিশালে উন্নত চিকিৎসা সুবিধা পর্যাপ্ত নয়। গুরুতর রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া অনেকের জন্য কষ্টকর ও ব্যয়বহুল।
এ প্রেক্ষাপটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল–কে আধুনিক সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর দেন তিনি।
পাশাপাশি বরিশালে একটি বিশেষায়িত ট্রমা সেন্টার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা সভায় অংশ নেন।
এসআর
মন্তব্য করুন: