[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২

সীমান্তরক্ষী বাহিনীকে আধুনিকায়নে জোর দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৪ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তরক্ষী বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও সুসংগঠিত বাহিনীতে পরিণত করতে কাজ করবে।

তিনি আশা প্রকাশ করেন, বাহিনীর সদস্যরা দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাগত উৎকর্ষতার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করবেন।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সেনা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান, যা জাতির ইতিহাসে এক বেদনাবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। তাদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।


তারেক রহমান বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই ঘটনার ক্ষত এখনো জাতির হৃদয়ে তাজা। তিনি উল্লেখ করেন, দেশে ফিরে বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করে তিনি পরিবারগুলোর ত্যাগ ও দীর্ঘ প্রতীক্ষার কষ্ট অনুধাবন করেছেন।


তিনি আরও বলেন, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা প্রয়োজন। এ বিষয়ে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে যথাযথভাবে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হবে।


সীমান্তরক্ষী বাহিনীর ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্ন থেকেই এ বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি স্মরণ করেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় তৎকালীন ইপিআর সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।


পরবর্তীকালে বাহিনীকে সুসংহত ও কার্যকর করতে অবকাঠামোগত উন্নয়ন, কাঠামোগত সংস্কার এবং ব্যাটালিয়নভিত্তিক পুনর্গঠনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।


প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি সংযোজন, প্রশিক্ষণ উন্নয়ন এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে, যাতে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো যায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর