[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২

আগে মেয়াদোত্তীর্ণ সিটিগুলোতেই ভোট, ঢাকার দুই সিটি অগ্রাধিকার পেতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৯:০৩ পিএম

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেসব প্রতিষ্ঠান থেকেই ধাপে ধাপে নির্বাচন শুরু করা হবে।

এ প্রেক্ষাপটে রাজধানীর দুই সিটি করপোরেশনে আগে ভোট হওয়ার সম্ভাবনার কথা তিনি ইঙ্গিত করেছেন।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী জানান, নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত কার্যকর করা সরকারের অগ্রাধিকার। প্রথম পর্যায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন–এ ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সিটি করপোরেশন, পৌরসভা এবং সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হবে।


সমগ্র প্রক্রিয়া শেষ করতে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ—যে প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হবে, সেখানে আইন অনুযায়ী ভোট আয়োজন করা হবে।


দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না—এ বিষয়ে সিদ্ধান্ত সংসদের প্রথম অধিবেশনে নেওয়া হতে পারে বলে জানান মন্ত্রী। তার ভাষ্য, এটি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়; দলীয় অবস্থান অনুযায়ী সংসদেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে, সেখানে বিষয়টি আলোচনায় আসতে পারে।


সিটি করপোরেশনগুলোতে সরকারি কর্মকর্তার বদলে রাজনৈতিক প্রশাসক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ রাখেন, ফলে সেবাদানে তারা অধিক কার্যকর হতে পারেন। জনদুর্ভোগ কমাতে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে যে সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানেই আগে নির্বাচন আয়োজন করা হবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।


এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশনের কার্যক্রম সচল রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। অকার্যকর হয়ে পড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর