[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

ইসিতে বড় রদবদল, একযোগে বদলি ১১২ উপজেলা নির্বাচন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ৯:০৮ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর মাঠ প্রশাসনে ব্যাপক পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।

দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত মোট ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি হয়। আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালনকারী এসব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অন্যত্র সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।


বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ওইদিন অপরাহ্ণে স্বয়ংক্রিয়ভাবে তারা অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন—এমন সতর্কতাও উল্লেখ রয়েছে আদেশে।


ইসি সংশ্লিষ্ট সূত্রের মতে, জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই সবচেয়ে বড় আকারের বদলি উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এদিকে একই দিনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়ন-এর রাষ্ট্রদূত। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও কমিশনকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর