[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

অল্প সময়ের মধ্যেই সিটি করপোরেশন ভোট: মির্জা ফখরুলের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০ এএম

সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিধিবিধান মেনে করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং খুব বেশি দেরি না করেই নির্বাচনের আয়োজন করা হবে।

তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার উপযুক্ত সময়ে ভোটের তফসিল ঘোষণা করবে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, গত প্রায় দেড় দশকের আন্দোলন-সংগ্রামে গণমাধ্যমকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। সেই অবদানের কথা স্মরণ করে তিনি দাবি করেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি সরকার কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।


তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনের প্রত্যয় নিয়ে এগোচ্ছে দল।


সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব পুনর্ব্যক্ত করেন, এটি নিয়মের অংশ হিসেবেই করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেওয়াই সরকারের লক্ষ্য।


সংরক্ষিত নারী আসন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংসদ অধিবেশন শুরু হলে এ বিষয়ে প্রক্রিয়া এগোবে। দলীয়ভাবে সক্রিয় ও অবদান রাখা নেত্রীদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।


অন্যদিকে, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ থাকায় তাদের অফিস চালুর সুযোগ নেই। বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলেও জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর