[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪২ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি দেশের বিশিষ্ট ব্যক্তিদের হাতে একুশে পদক তুলে দেবেন। পরে বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন।


রোববার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, দিনব্যাপী এই আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, রাষ্ট্রীয় মর্যাদায় একুশে পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বইমেলার উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে।


তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মনোনীত ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। সরকারের প্রত্যাশা, এই আয়োজন দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং সৃজনশীল কর্মকাণ্ডে নতুন গতি আনবে।


এবারের বইমেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া পুরোপুরি মওকুফ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত প্রকাশকদের জন্য উৎসাহব্যঞ্জক ভূমিকা রাখবে।


২০২৬ সালের একুশে পদকের জন্য ৯ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। মনোনীতদের মধ্যে রয়েছেন—


চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকেও সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।


উল্লেখ্য, একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৭৬ সাল থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই পদক প্রদান করা হচ্ছে।


নীতিমালা অনুযায়ী, প্রত্যেক পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চার লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, একটি রেপ্লিকা এবং সম্মাননাপত্র দেওয়া হয়।
এ বছর সাহিত্য বিভাগে কোনো মনোনয়ন ঘোষণা করা হয়নি। গত ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। এর আগে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ অক্টোবর।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর