প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস সংরক্ষণে নতুন করে যাচাই-বাছাই কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। সভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং সঠিক মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা সময়ের দাবি। এ লক্ষ্যে বিদ্যমান তালিকা পুনরায় পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতার ভিত্তি মহান মুক্তিযুদ্ধ। এ ঐতিহাসিক সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনকে একাকার করে দেখার সুযোগ নেই।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বিভিন্নভাবে বিকৃত ও অপব্যবহারের শিকার হয়েছে, যার ফলে নতুন প্রজন্ম অনেক ক্ষেত্রে সঠিক তথ্য থেকে বঞ্চিত হয়েছে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামের সঠিক চিত্র তুলে ধরা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ জামুকার সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: