নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদভিত্তিক ধর্মীয় ব্যক্তিদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন প্রশাসন রমজান মাসের মধ্যেই প্রাথমিকভাবে এই কর্মসূচি শুরু করতে চায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (২১ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
মাহদী আমিন জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল ফিতরের আগেই কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে এবং পরে তা ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণ করা হবে।
তবে ভাতার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দায়িত্ব গ্রহণের তৃতীয় কর্মদিবসে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন। তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে নীতিগত বিষয়েও আলোচনা করেন।
এসআর
মন্তব্য করুন: