শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে প্রধানমন্ত্রী একই স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের নিয়েও তিনি শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
পর্যায়ক্রমে তিন বাহিনীর প্রধানরা বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও এ সময় শহীদদের স্মরণে ফুল দেন।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্যরা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পুরো আয়োজনকে ঘিরে শহীদ মিনার এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্দেশে গুলি চালানো হয়।
এতে সালাম, রফিক, বরকত, শফিউরসহ আরও অনেকে শহীদ হন। ভাষা আন্দোলনের সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের পথ সুগম হয় এবং ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
এসআর
মন্তব্য করুন: