[email protected] শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২

একুশের চেতনায় ভাষার মর্যাদা রক্ষার আহ্বান: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ৯:২৬ পিএম

সংগৃহীত ছবি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বার্তায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মাতৃভাষা বাংলা এবং বিশ্বের সব ভাষাভাষী মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের মাধ্যমে বাংলার মর্যাদা প্রতিষ্ঠার কথা তুলে ধরেন।


তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষার অধিকারের দাবিতে আত্মদানকারী শহীদদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি আত্মপরিচয়ের শক্ত ভিত্তি পায়। এই আন্দোলন কেবল ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেনি, বরং স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার পথকে সুদৃঢ় করেছে। তাঁর বক্তব্যে উঠে আসে, ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়ই পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।


বার্তায় তিনি উল্লেখ করেন, মাতৃভাষার প্রতি বাঙালির ত্যাগের স্বীকৃতিস্বরূপ UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। একুশের চেতনা আজ বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও সকল ভাষার সমঅধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।


তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠা একুশের মূল প্রেরণা। সেই আদর্শকে ধারণ করেই দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ভাষা শহীদ ও স্বাধীনতার সংগ্রামে আত্মদানকারীদের স্বপ্ন বাস্তবায়নে একটি মানবিক, নিরাপদ ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের প্রত্যয়ও ব্যক্ত করা হয়।


সবশেষে তিনি দেশ-বিদেশের সকল জাতিগোষ্ঠীর ভাষার মর্যাদা রক্ষায় সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা কামনা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর