[email protected] শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২

৮ উপদেষ্টার দপ্তর চূড়ান্ত, দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ৭:০৪ পিএম

সংগৃহীত ছবি

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতাবলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই তথ্য বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছিল।


সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে।


অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মাহদী আমিনের ওপর ন্যস্ত হয়েছে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব।

এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব বণ্টনের ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নীতিনির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর