[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

সড়কে ‘চাঁদা’ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্যের সমালোচনায় তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৮:২৮ পিএম

সংগৃহীত ছবি

সড়কে চাঁদা আদায়কে ‘সমঝোতা’ বা ‘অলিখিত নিয়ম’ হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম রবি যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চিকিৎসক ও সাবেক রাজনৈতিক নেত্রী তাসনিম জারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, যাকে ‘সমঝোতা’ বলা হচ্ছে, সেটি আসলে চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ প্রক্রিয়া।

নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে গেলে অনেক ক্ষেত্রে চালকদের নির্দিষ্ট গোষ্ঠী বা সংগঠনকে অর্থ দিতে বাধ্য করা হয়—এ বাস্তবতাকে ভিন্ন ভাষায় ব্যাখ্যা করা সমস্যার সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।

তাসনিম জারা লিখেছেন, কোনো অনিয়মকে ‘সমঝোতা’ নামে আখ্যা দিলে তা বৈধ হয়ে যায় না। বরং এতে একটি অসাংবিধানিক চর্চাকে স্বীকৃতি দেওয়ার ঝুঁকি তৈরি হয়।

তার মতে, এই ধরনের অর্থ আদায়ের প্রভাব সরাসরি পড়ে সাধারণ মানুষের ওপর। বাসভাড়া বৃদ্ধি কিংবা পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয়ের কারণে বাজারদর বাড়ার পেছনেও এ ধরনের অনানুষ্ঠানিক লেনদেন ভূমিকা রাখে। শেষ পর্যন্ত এর বোঝা বইতে হয় যাত্রী ও ভোক্তাদেরই।


মন্ত্রীর আরেক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, যদি ক্ষমতাসীন দলের প্রভাবের কথা বলা হয়ে থাকে, তবে কি এই অর্থ আদায় প্রক্রিয়া রাজনৈতিক প্রভাববলয়ের অংশ? বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।


তাসনিম জারা প্রস্তাব দেন, যদি মালিক বা শ্রমিক সংগঠনের কল্যাণ তহবিলের জন্য অর্থের প্রয়োজন হয়, তাহলে তা স্বচ্ছ ও আনুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে আদায় করা উচিত। ব্যাংক লেনদেন বা নিবন্ধন ফি’র সঙ্গে যুক্ত করে অর্থ সংগ্রহের মতো পদ্ধতি অনুসরণ করা যেতে পারে বলে মত দেন তিনি।


একই সঙ্গে তিনি দাবি জানান, সড়কে আদায়কৃত অর্থের পূর্ণাঙ্গ নিরীক্ষা (অডিট) করা হোক এবং তা জনসম্মুখে প্রকাশ করা হোক। এই অর্থ প্রকৃতপক্ষে কার কল্যাণে ব্যয় হচ্ছে—চালক-শ্রমিকদের জন্য, নাকি অন্য কোনো স্বার্থগোষ্ঠীর জন্য—তা স্পষ্ট করা দরকার বলেও উল্লেখ করেন তিনি।


তার ভাষায়, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অনিয়মকে ‘অলিখিত বিধি’ হিসেবে প্রতিষ্ঠা না করে, কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর