[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২

সরকারি গাড়ি নয়, ব্যক্তিগত গাড়িতেই চলাচল প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩৭ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান এখন থেকে সরকারি গাড়ির পরিবর্তে নিজস্ব ব্যবহারের গাড়িতে চলাচল করছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।


তার বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নিজের কেনা গাড়ি, ব্যক্তিগত চালক এবং নিজস্ব অর্থে কেনা জ্বালানি ব্যবহার করছেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি সাভার ও শেরে বাংলা নগরে যান নিজস্ব সাদা টয়োটা গাড়িতে। সেখান থেকে একই গাড়িতে সচিবালয়েও যান।


রুমন আরও জানান, যানজট ও জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের আকারও কমানো হয়েছে। আগে যেখানে বহরে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকত, বর্তমানে তা সীমিত করে চারটিতে আনা হয়েছে।


তিনি বলেন, সাধারণ চলাচলে প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হচ্ছে না। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় প্রয়োজন অনুযায়ী পতাকা ব্যবহার করা হবে।


এছাড়া মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সচিবালয় এলাকা থেকে মন্ত্রীদের যাতায়াতজনিত চাপ ও ভিআইপি চলাচলের কারণে সৃষ্ট জনভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে ইউনিফর্মধারী পুলিশের সারিবদ্ধ অবস্থানের প্রচলিত ব্যবস্থাও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিএনপি মিডিয়া সেলের এ সদস্য।


সকালে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় স্মৃতিসৌধ-এ গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি শেরে বাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবরে ফুলেল শ্রদ্ধা জানান।


দুই স্থানেই মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সচিবালয়ে যান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর