[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

গাড়ি-বাড়িসহ ১৩ সুবিধা পাচ্ছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬ এএম

সংগৃহীত ছবি

নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা গাড়ি, বাসভবন, বেতন-ভাতা ও পূর্ণ চিকিৎসা সুবিধাসহ অন্তত ১৩ ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন।

এ সুবিধা প্রযোজ্য হবে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, চিফ হুইপ, হুইপ, স্পিকার ও ডেপুটি স্পিকারের ক্ষেত্রে।

আগের সরকারগুলোর সময়ও মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টারা এসব সুবিধা ভোগ করেছেন।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা নির্ধারিত রয়েছে Ministers and Ministers of State and Deputy Ministers (Remuneration and Privileges) Act-এ। অন্যদিকে প্রধানমন্ত্রীর বেতন ও সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়েছে Prime Minister's (Remuneration and Privileges) Act অনুযায়ী।


শুল্কমুক্ত গাড়ি ও প্লট প্রসঙ্গ- 
অতীতে সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। রাজধানীতে স্থায়ী বাসস্থান না থাকলে অনেকে প্লটও পেয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে। তবে এবারের সংসদে এ বিষয়ে ভিন্ন বার্তা এসেছে।


নির্বাচনী প্রচারণার সময় শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা গ্রহণ না করার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান। একইভাবে শপথের পর সংসদীয় দলের বৈঠক শেষে এ সুবিধা না নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


এ সিদ্ধান্তকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তাঁর মতে, জনপ্রতিনিধিদের সম্পদ ঘোষণার বিধান কার্যকরভাবে বাস্তবায়ন জরুরি। জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোরও এ বিষয়ে দায়বদ্ধতা রয়েছে।
বেতন ও বাসভবন সুবিধা-
একজন মন্ত্রী মাসে বেতন-ভাতা বাবদ ১ লাখ ৫ হাজার টাকা পান। প্রতিমন্ত্রীর ক্ষেত্রে তা ৯২ হাজার এবং উপমন্ত্রীর জন্য ৮৬ হাজার ৫০০ টাকা। দায়িত্ব গ্রহণের পর তারা সরকারি খরচে সজ্জিত বাসভবন পান। বাসভবনের রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল রাষ্ট্র বহন করে।


সরকারি বাসভবনে না থাকলে মন্ত্রীরা মাসে ৮০ হাজার টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ৭০ হাজার টাকা করে বাড়িভাড়া পান। এছাড়া বাসার ব্যবস্থাপনা বাবদ বছরে অতিরিক্ত ভাতাও প্রাপ্য।
যানবাহন ও ভ্রমণ সুবিধা- 
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি পরিবহন পুল থেকে গাড়ি পান। প্রতিদিন ১৮ লিটার জ্বালানি বা সমপরিমাণ অর্থ বরাদ্দ থাকে। দেশের অভ্যন্তরে সফরে মন্ত্রীরা দৈনিক ২ হাজার টাকা এবং উপমন্ত্রীরা ১ হাজার ৫০০ টাকা ভাতা পান।
বিমান ভ্রমণের ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ১০ লাখ টাকার বীমা সুবিধাও রয়েছে।
ব্যক্তিগত সহায়ক ও দাপ্তরিক সুবিধা-
একজন মন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব, দুজন ব্যক্তিগত কর্মকর্তা এবং প্রয়োজনীয় দাপ্তরিক কর্মী পান। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা তুলনামূলক কমসংখ্যক সহায়ক কর্মী পেয়ে থাকেন।
চিকিৎসা ও আপ্যায়ন
মন্ত্রিপরিষদের সদস্যদের চিকিৎসা ব্যয় রাষ্ট্র বহন করে; এর নির্দিষ্ট সীমা আইনে নির্ধারিত নয়। আপ্যায়ন খাতে মন্ত্রীরা মাসে ১০ হাজার টাকা, প্রতিমন্ত্রীরা সাড়ে ৭ হাজার এবং উপমন্ত্রীরা ৫ হাজার টাকা ভাতা পান।


নির্বাচনী এলাকার জন্য বরাদ্দ-

নিজ নিজ নির্বাচনী এলাকায় ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজে মন্ত্রীরা বছরে ১০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ পান। প্রতিমন্ত্রী পান সাড়ে ৭ লাখ এবং উপমন্ত্রী ৫ লাখ টাকা। নির্দিষ্ট সীমার মধ্যে ব্যক্তিগত সহায়তাও দেওয়া যায়।

প্রধানমন্ত্রীর সুবিধা-
প্রধানমন্ত্রী মাসিক ১ লাখ ১৫ হাজার টাকা পারিশ্রমিক ও বাড়িভাড়া বাবদ ১ লাখ টাকা পান। সরকারি বাসভবন, যাতায়াত ও দাপ্তরিক ব্যয়সহ অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা তাঁর জন্য প্রযোজ্য।
সংসদ সদস্যদের প্রাপ্যতা-
সাধারণ এমপিরা মাসিক ৫৫ হাজার টাকা বেতন পান। অতীতে উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা খাতে অতিরিক্ত বরাদ্দ এবং শুল্কমুক্ত গাড়ি সুবিধার নজির রয়েছে।


বর্তমান প্রেক্ষাপটে এসব সুবিধা গ্রহণে সংযমের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর