নতুন সরকারের মন্ত্রিসভা প্রায় ৫০ সদস্যের হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে আভাস পাওয়া গেছে।
সম্ভাব্য কাঠামো অনুযায়ী ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী স্থান পেতে পারেন। শপথ অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের আয়োজন করা হয়েছে।
শপথ অনুষ্ঠানে অংশ নিতে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাদের আনা-নেওয়ার জন্য ৪৯টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলেও জানা গেছে।
সূত্র জানায়, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রিসভায় যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। তিনি খালেদা জিয়া নেতৃত্বাধীন ২০০১ সালের সরকারে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
চাঁদপুর-১ আসন থেকে এবারও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নবনির্বাচিত এমপিরা দলীয় চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে সকালে সংসদ ভবনে শপথ নেন।
তবে তারা সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বলে জানা গেছে।
সন্ধ্যার মধ্যে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: