অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় অর্জন হিসেবে ‘জুলাই সনদ’-এর কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, এই সনদের ভিত্তিতেই গণভোটে জনগণ বিপুল সমর্থন দিয়েছে এবং এর বাস্তবায়ন হলে দেশে স্বৈরশাসনের পুনরাবৃত্তির পথ স্থায়ীভাবে রুদ্ধ হবে।
সোমবার রাত সাড়ে ৯টায় জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এসব কথা বলেন।
ভাষণের শুরুতে দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটি ইতিবাচক নজির তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, ভবিষ্যতের নির্বাচনের জন্য এটি একটি মানদণ্ড হয়ে থাকতে পারে।
দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে তিনি জানান, প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর এখন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সময় এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এটিই তার বিদায়ী বক্তব্য।
৫ আগস্টের ঘটনাপ্রবাহ স্মরণ করে তিনি বলেন, সেদিন দেশজুড়ে এক ধরনের মুক্তির অনুভূতি তৈরি হয়েছিল। দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও আবেগে আপ্লুত হন। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে দেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করে বলে তিনি উল্লেখ করেন।
তবে সে সময় রাষ্ট্রযন্ত্র প্রায় অচল অবস্থায় ছিল বলেও তিনি স্বীকার করেন। সেই পরিস্থিতি থেকে দেশকে সচল করার চ্যালেঞ্জই ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব—এমন মন্তব্য করেন তিনি।
ভাষণের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে এবং এর মাধ্যমে টেকসই গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে।
এসআর
মন্তব্য করুন: