[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২

কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ৭:০৬ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার প্রাক্কালে নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এ সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা করেন। বক্তব্য শেষে উপস্থিত সবার সঙ্গে সৌজন্য ফটোসেশনে অংশ নেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবেই এ বিদায়ী আয়োজন করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে তৎকালীন সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী প্রশাসন। সেই সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।

প্রায় দেড় বছরের মেয়াদে তার নেতৃত্বাধীন সরকারকে বিভিন্ন দাবি-দাওয়া ও অসংখ্য আন্দোলনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে।

তার ঘোষিত অঙ্গীকার অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়েছে। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষ বিজয়ী হয়েছে।

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের সমাপ্তি ঘটবে।

এরপরই দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেবেন ড. ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর